যশোরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত: পরিচ্ছন্নতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়-জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও যশোর পৌরসভার উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, প্রচারণা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্মাতে না দেওয়া। এজন্য সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমে যাবে। সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, যশোর পৌরসভা নিয়মিত মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। তাই সবাইকে সচেতন হয়ে নিজেদের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়