৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

প্রতিদিনের ডেস্ক:
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একদিন পরেই রোববার এই পরীক্ষা চালালো দেশটি। খবর বার্তা সংস্থা এএফপি’র। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনারা বসন্তকালীন যৌথ সামরিক মহড়া শুরু করার পরই উত্তর কোরিয়া এই পরীক্ষা চালায়। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, শনিবার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের (এমআরএলএস) পরীক্ষা তদারকি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।সংবাদমাধ্যমটি জানায়, পরীক্ষায় ৬০০ মিলিমিটার ক্যালিবারের ১২টি ‘আল্ট্রা-প্রিসিশন’ মাল্টিপল রকেট লঞ্চার এবং দুটি আর্টিলারি কোম্পানি অংশ নেয়। এদিন কিম বলেছেন, এই মহড়া পিয়ংইয়ংয়ের শত্রুদের মধ্যে ‘অস্থিরতা’ সৃষ্টি করেছে এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে ‘গভীর ধারণা’ দিয়েছে। এসব অস্ত্রের আঘাত হানার পাল্লা ৪২০ কিলোমিটার। কেসিএনএ জানিয়েছে, রকেটগুলো ৩৬০ কিলোমিটারেরও বেশি দূরে কোরিয়ার পূর্ব সাগরে একটি দ্বীপ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এমআরএলএসকে ‘খুব মারাত্মক তবে আকর্ষণীয় অস্ত্র’ হিসেবে বর্ণনা করে এর প্রশংসা করেছেন কিম। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে আকাশে একাধিক রকেট ছুটে যেতে দেখা গেছে। আরেকটি ছবিতে কিম জং উনকে তার মেয়ে জু আয়ে-এর সঙ্গে দূর থেকে উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে দেখা যায়। তাদের পাশে একজন সামরিক কর্মকর্তাও ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়