নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে আলোচিত চাঁদাবাজি মামলার প্রধান আসামি বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ও কথিত ‘গোফরান বাহিনী’র প্রধান মোঃ নাসির শেখ (৪০) এবং তার সহযোগী মোঃ সোহেল রানা (২৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, অভয়নগর থানার মামলা নং-১২, তারিখ ৬ মার্চ ২০২৬, দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৩৮৫/৩৮৬/৩৪ ধারায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গত ১ মার্চ গভীর রাতে যশোরের অভয়নগর উপজেলার ৭ নম্বর শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সোহেল শিকদারের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে ১০–১২ জনের একটি দল প্রবেশ করে। তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা ঘরের আলমারি থেকে ২০ হাজার টাকা, একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হলে প্রথমে তদন্ত শুরু করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জুবেল হোসেন। পরে মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং আসামিরা চরমপন্থি দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় যশোরের পুলিশ সুপারের নির্দেশে তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশের এসআই মোঃ কামরুজ্জামানকে। ডিবি পুলিশের একটি দল আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা জেলার রূপসা থানার জাবুসা গ্রাম এলাকা থেকে নাসির শেখ ও সোহেল রানাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, নাসির শেখ অভয়নগর, মনিরামপুর ও কেশবপুরসহ যশোর জেলার বিভিন্ন এলাকায় এবং খুলনার ফুলতলা, ডুমুরিয়া, রূপসা, তেরখাদা ও নড়াইলের কালিয়া এলাকায় বিপ্লবী কমিউনিস্ট পার্টির নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে ৭টি, হত্যা মামলা ২টি এবং বিস্ফোরক, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধে ১১টি মামলা রয়েছে। অন্যদিকে, গ্রেফতার হওয়া সোহেল রানার নামেও বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

