রেজাউল করিম, লোহাগড়া
বিএনপিতে দূর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্থান নেই। বিএনপির নেতা-কর্মী বা অন্য যে কেউ অন্যায় কাজ করলে তাকে আইনের আওতায় আনা হবে। সরকার গঠনের সাথে সাথে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করেছেন। বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। কে ভোট দিয়েছে আর কে দেয়নি, এখন সেই প্রশ্ন তোলার সময় নয়। আমাদের দায়িত্ব হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের সেবা করা,দেশের উন্নয়ন করা।সোমবার নড়াইল সার্কিট হাউজে বিএনপির স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময়কালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সকল ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের দোরগোঁড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের রাজনীতির মূলমন্ত্র। সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের আর্থ-সামাজিক চিত্র বদলে দেওয়া হবে। বিশেষ করে নদী-নালা ও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপ্ল ঘটানো এবং স্থানীয় অবকাঠামোর আমূল পরিবর্তন আনাই বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কাজ। মতবিনিময় সভায় নড়াইল জেলা বিএনপি সভাপতি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. ইকবাল হোসেন সিকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে সর্বপ্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই উদ্যোগ অব্যাহত রেখেছে। এই উদ্যোগের লক্ষ্য সারা দেশের হারিয়ে যাওয়া খাল এবং নদী পুনরুদ্ধার ও খনন করা, যা কৃষি ও মৎস্য সম্পদের জন্য উপকারী হবে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম আব্দুল মোমিন, নড়াইলের পুলিশ সুপার মুহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবির, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
