আনিছুর রহমান, বেনাপোল
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ টাকার মালিকবিহীন চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ মার্চ) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। আটক করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১৭৯টি শাড়ি, ৪টি কম্বল, ৮টি শাল-চাদর, ২৮৩ প্যাকেট পাপড়, ১ হাজার ১২৮টি চকলেট এবং ১ হাজার ৮৪০টি কসমেটিকস সামগ্রী। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার ৩২০ টাকা। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।

