প্রতিদিনের ডেস্ক:
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানিকে হত্যার একদিন পরই রাজধানী তেহরানে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ইসরায়েল দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।
ইসরায়েলের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ‘চ্যানেল ১২’ জানায়, এই হামলা পরিকল্পিতভাবে পরিচালিত হয়। হামলায় খতিব নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।এর আগে সোমবার রাতে হামলায় নিহত হন লারিজানি। একই সময় প্রাণ হারান ইসলামী বিপ্লবী গার্ডের অধীন বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানি। এই দুই শীর্ষ নেতার জানাজা বুধবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ‘কুরোশ কেইভানি’ নামে এক ব্যক্তিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে সংবেদনশীল স্থাপনার ছবি ও তথ্য সরবরাহের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পরে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে কয়েক দশক ধরেই ছায়াযুদ্ধ চলছে।গত বছর এক দফা সরাসরি সংঘাতে জড়ানোর পর চলতি বছর আবারও দুই দেশ প্রকাশ্য যুদ্ধে জড়িয়েছে। এই দীর্ঘ সংঘাতের ধারাবাহিকতায় ইরান একাধিকবার মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

