প্রতিদিনের ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান দলে ছিলেন না ওপেনার ফখর জামান। সিরিজ শেষে পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ জানিয়েছিলেন, ফখরকে চোটের কারণে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে সিরিজের পর ন্যাশনাল টি-২০ কাপে ফখরকে খেলতে দেখা গেলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। ওয়ানডে সিরিজে খেলার জন্য ফখর কেন দলে ছিলেন না, সেই প্রশ্নের উত্তরে তিনি নিজের ব্যাখ্যা দিয়েছেন সামাজিক মাধ্যম এক্সে। ফখর লিখেছেন, ‘আমি ৫০ ওভারের ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট ছিলাম না। আকিব জাভেদ যা বলেছে তা সঠিক ছিল। আমি ১৫ তারিখে ফিটনেস টেস্টে পাস করার পরই এই ম্যাচগুলো খেলেছি।’ ফখরের এই ব্যাখ্যা থেকে স্পষ্ট যে, বাংলাদেশ সফরের সময় তিনি পুরোপুরি ফিট ছিলেন না, এ জন্য ওয়ানডে সিরিজে অংশ নেননি। পরে ফিটনেস পরীক্ষায় পাস করার পর তিনি পাকিস্তানের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে খেলেছেন। এদিকে বাংলাদেশ সফরে পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল। ফখর জামান ছাড়াও ওই সফরে বাবর আজমও চোটের কারণে দলে ছিলেন না।

