নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে যাত্রীবেশী দুর্বৃত্তদের হামলায় সেলিম নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ সময় তার রিকশাটি ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। কোতোয়ালী মডেল থানার রামনগর ইউনিয়নের সতীঘাটা মাদরাসা রোডের একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। আহত সেলিম (৫০) বকচর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন রিকশাচালক। জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর শহরের আরএন রোড থেকে অজ্ঞাত দুই ব্যক্তি তার রিকশা ভাড়া নেয়। পরে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে মাথার পেছনে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে ফেলে রেখে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

