নিজস্ব প্রতিবেদক
চাঁদার দাবিতে মারপিট, ছুরিকাঘাতে জখম এবং হত্যার হুমকির ঘটনায় সন্ত্রাসী দুই ভাইয়ের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্কুল শিক্ষক সোনিয়া রায়। তিনি যশোর শহরের বেজপাড়া বনানী রোডের তাপস রায়ের স্ত্রী এবং বেজপাড়া মেইন রোড সংলগ্ন প্রভাতী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযুক্তরা হলো, একই এলাকার খোকনের দুই ছেলে আকাশ ও সাগর।সোনিয়া অভিযোগপত্রে উল্লেখ করেছেন, আসামিরা সন্ত্রাসী এবং চাদাবাজ। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি। গত ২২ মার্চ সন্ধ্যা ৭টারদিকে তার ছেলে স্পর্শ রায় এবং বোনের ছেলে সাবাবের কাছে বাইসাইকেল চায়। বাইসাইকেল না দেয়ায় আকাশ ও সাগরের হুকুমে সাবাব চাকু দিয়ে তারই ভাই স্পর্শর হাতে আঘাত করে। শিশু সাবাবের হাতে চাকু তুলে দেয়। তিনি এই ঘটনার প্রতিবাদ করলে তাকে খুন জখমের হুমকি দেয়। ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি তার বাড়ির বারান্দায় বসে সেলাই মেশিনে কাজ করছিলেন। সে সময় দুই ভাই চাকু নিয়ে বাড়ির মধ্যে যায় এবং সালিশ ডাকার কৌফিয়ত চাই। এরপর তাকে চাকু দিয়ে আঘাত করতে যায়। তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা হুমকি দিয়ে চলে যায়। পরে এলাকার লোকজনকে বিষয়টি জানালে তারা চাকুসহ সাগরকে আটক করে বেজপাড়া ক্লাবের সামনে নিয়ে যায়। এরপর পুলিশে সংবাদ দিলে সে কৌশলে প্রস্রাব করার নাম করে পালিয়ে যায়। এরপর থেকে তিনি আতংক দিন পার করছেন। যে কোন সময় তার পরিবারের লোজনের ওপর হামলা বা ক্ষতি করতে পারে। সোনিয়া জানিয়েছেন, দুই ভাই ভয়ঙ্কর প্রকৃতির। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার লোকজন। ২০২৫ সালের ৫ আগস্ট এই দুই সন্ত্রাসীসহ আরো অনেকে এলাকার পরেশ বসুর ভাড়াটিয়া লক্ষীরাণীর বাড়িতে ঢুকে চঁাদা দাবি করে। চঁাদা না দেয়ায় টাকা পয়সা ও সোনার গহনা লুট করে নিয়ে যায়। সে সময় তিনিসহ অনেকে ঘটনা প্রত্যক্ষ করেন। কিন্তু হাতে অস্ত্র থাকায় কেউ কোন কথা বলতে সাহস পায়নি। এলাকার লোকজন লক্ষীরাণীকে সাথে নিয়ে কোতোয়ালি থানায় যায় অভিযোগ দিতে। অভিযোগ দেয়ার পর আরো হুমকি দেয়া হয়। সে কারনে ভয়ে লক্ষীরাণী অভিযোগ প্রত্যাহার করিয়ে নেন। এরপর তিনি পরিবারসহ ভারতে চলে যান। এই রকম অনেকেই তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে। কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায় না। তিনি এই দুই সন্ত্রাসীকে আটক এবং শাস্তির দাবি জানান। এ বিষয়ে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, ‘নেকেই প্রতিদিন অভিযোগ দিয়ে থাকেন। তবে সোনিয়া নামে কেউ অভিযোগ দিয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

