১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

দোকানের মতো মচমচে আলুর চিপস বানানোর টিপস

প্রতিদিনের ডেস্ক:
সন্ধ্যায় হঠাৎ মুচমুচে কিছু খাওয়ার ইচ্ছে হলেই আলুর চিপস সবার প্রথম পছন্দ। বাজার থেকে চিপস কিনে আনা সহজ, কিন্তু বাড়িতে বাজারের মতো মুচমুচে চিপস বানানো অনেকের জন্য কঠিন মনে হয়। অনেকেই চেষ্টা করলেও বাড়ির চিপস নরম লালচে হয়ে যায়। তবে কিছু সহজ কিন্তু কার্যকরী টিপস মেনে চললে ঘরে বসে বাজারের মতো চিপস বানাতে পারবেন।
আসুন জেনে নেওয়া যাক কোন টিপস অনুসরণ করলে চিপস মচমচে হবে-
সঠিক আলু বেছে নিন
বাজারের চিপসের মতো ক্রিস্পি চিপস বানানোর প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক আলু বাছাই করা। পুরোনো বা মিষ্টি আলু ব্যবহার করলে চিপস ভাজার সময় লাল হয়ে যেতে পারে এবং মুচমুচে হবে না। তাই সর্বদা নতুন আলু ব্যবহার করুন। নতুন আলুর মধ্যে প্রয়োজনীয় শ্বেতসার থাকে এবং আর্দ্রতা কম থাকে, যা চিপসকে স্বাভাবিকভাবে মুচমুচে রাখে। আলুর খোসা ছাড়ানোর পর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখলে আলু কালো হতে দেয় না এবং চিপসের রং সঠিক থাকে।
ফিটকিরি ও ঠান্ডা পানির কৌশল
বাজারের চিপসের মতো সাদা বা হালকা হলুদ রং আনতে এবং চিপসকে দীর্ঘক্ষণ মুচমুচে রাখতে ফিটকিরি ব্যবহার করুন। আলু কেটে নেওয়ার পর পরিষ্কার পানিতে ৩-৪ বার ধুয়ে নিন। এরপর একটি পাত্রে ঠান্ডা পানি দিয়ে সামান্য ফিটকিরি মিশিয়ে আলুর টুকরোগুলো এতে ডুবিয়ে রাখুন। আলুর টুকরোগুলো অন্তত আড়াই থেকে তিন ঘণ্টা বা আরও বেশি সময় রাখতে পারেন। ফিটকিরি আলুর ওপরের অংশকে শক্ত করে দেয়, যার ফলে ভাজার পর চিপস মুচমুচে থাকে এবং নরম হয় না।
সঠিকভাবে শুকানো ও ভাজার পদ্ধতি
আলু ফিটকিরিতে ভিজিয়ে রাখার পর পানি থেকে বের করে একটি সুতির কাপড়ে ছড়িয়ে দিন এবং ভালোভাবে শুকিয়ে নিন। চিপস ভাজার সময় তেলের তাপমাত্রা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে তেল উচ্চ আঁচে গরম করুন, এরপর আঁচ কমিয়ে মাঝারি করুন। চিপসগুলো ধীরে ধীরে ভাজুন যাতে সেগুলো পুরোপুরি সেদ্ধ হয় এবং বাইরে থেকে ক্রিস্পি হয়। একসঙ্গে খুব বেশি চিপস একবারে ভাজবেন না, কারণ এতে চিপসগুলো ভালোভাবে ভাজা হয় না এবং তেল শুষে নেয়।
চিপস ভাজা হয়ে গেলে, ওপরে ভেসে ওঠা চিপসগুলো তেল থেকে তুলে নিন। কিছুটা লবণ, পেরি-পেরি মসলা বা স্পাইসি মসলা ছিটিয়ে দিন। চায়ের সঙ্গে পরিবেশন করলে চিপসের স্বাদ আরও বেড়ে যায়।
টিপস
১. নতুন ও সঠিক প্রজাতির আলু ব্যবহার করুন।
২. আলুর টুকরোগুলো সমান পাতলা করুন, যাতে সবগুলো একইভাবে ভাজা হয়।
৩. তেল বেশি গরম বা কম হলে চিপস নরম বা পোড়া হতে পারে, তাই মাঝারি তাপ বজায় রাখুন।
এই টিপসগুলো অনুসরণ করলে বাড়িতেই বানানো চিপস হবে দোকানের মতো মুচমুচে খেতেও সুস্বাদু। এমন চিপস বানাতে গেলে আর বাজারের চিপস কেনার প্রয়োজন হবে না।
সূত্র: ইন্ডিয়া টুডে ও অন্যান্য

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়