প্রতিদিনের ডেস্ক:
পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি রামনবমী উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) বিভিন্ন কর্মসূচি হাতে নেয় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
এরমধ্যে ছিল সকাল ৯টায় শ্রীরামচন্দ্রের পূজা, যজ্ঞ, আরতি ও বেলা ১১টায় শোভাযাত্রার (শ্রী শ্রী রামসীতা মন্দির থেকে দয়াগঞ্জ শ্রী শ্রী শিব মন্দির) আয়োজন করা হয়। দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হয়।
শোভাযাত্রার আগে সংগঠনের সভাপতি অ্যাড. দীনবন্ধু রায়ের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নির্বাহী সভাপতি অ্যাড. প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি দুলাল চন্দ্র দাস, সহ-সভাপতি নিতাই দে সরকার, হিন্দু যুব মহাজোটের সভাপতি ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু, সাধারণ সম্পাদক সুজন গাইন, হিন্দু ছাত্র মহাজোটের সভপতি সজিব কুন্ডু প্রমুখ। বক্তারা ভগবান রামচন্দ্রের বিভিন্ন শিক্ষনীয় দিক নিয়ে আলোচনা করেন এবং রামনবমী উদযাপনের জন্য দিনটিকে সরকারি ছুটি দাবি করেন।
রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও পাবনাসহ সব জেলায় হিন্দু মহাজোটের নেতাদের অংশগ্রহণে শ্রী রামের পূজা, শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

