১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আশাশুনিতে ভাঙনের মুখে শত বছরের বুধহাটা বাজার

আশাশুনি সংবাদদাতা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার ফের বেতনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে। নদীর প্রবল স্রোতের তোড়ে বাজারসংলগ্ন পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের বেড়িবাঁধ ধ্বসে নদীতে পড়ছে। ফলে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বাজারের বেড়িবাঁধ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নদী খনন ও অব্যবস্থাপনার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। নদীর বাহাদুরপুর অংশে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকলেও সেখানে খনন না করে ভাঙনকবলিত পাড়ের দিকেই খনন কাজ করা হয়েছে। ফলে স্রোতের গতিপথ সরাসরি বাজারের দিকে চলে এসেছে। ফলে বেতনার প্রবল স্রোতের টানে গত কয়েকদিনে বাজার সংলগ্ন এলাকায় প্রায় ২৫ থেকে ৩০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে ভাঙনকবলিত এলাকায় নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি একটি খেয়া নৌকা ঘাটে ভিড়তে গেলে হঠাৎ বড় অংশের পাড় ধসে পড়ে। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত শিশুসহ সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনার পর থেকে খেয়া পারাপারের যাত্রীদের পাশাপাশি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, শুধু বালুর বস্তা ফেলে এই বাজার রক্ষা করা সম্ভব নয়। দ্রুত নদীর অপর পাড়ে জমে থাকা পলি অপসারণ করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে এবং স্রোতের দিক পরিবর্তনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় শত বছরের ঐতিহ্যবাহী বুধহাটা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, ‘নদী খননের ফলে ওপরে তোলা মাটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সেখানে যদি আমাদের কোনো বেড়িবাঁধ থাকে, তাহলে বিষয়টি আমরা দেখব।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়