নিজস্ব প্রতিবেদক
যশোরের মেয়ে ফারহানা সুলতানা ঐশী গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাণিজ্য বিভাগে সারা দেশের সেরাদের শীর্ষে উঠে এসেছেন। মাইকেল মধুসূদন কলেজ থেকে উঠে আসা এই মেধাবী শিক্ষার্থী ‘সি’ ইউনিটে ১০০ নম্বরের মধ্যে ৮৫ পেয়ে প্রথম স্থান অর্জন করে যশোরের গর্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছেন যশোরের মাইকেল মধুসূদন কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশী। সোমবার (৩০ মার্চ) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ‘সি’ ইউনিটে ভর্তির জন্য আবেদন করেন ২৫ হাজার ২১৬ জন। তাঁদের মধ্যে ১৯ হাজার ৬০৬ জন পরীক্ষায় অংশ নেন এবং ১২ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করেন। প্রথম স্থান অর্জনকারী ঐশী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) আবেদন করেছেন ১ লাখ ৬৬ হাজার ২৪০ জন এবং ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৩ হাজার ১৫৮ জন।আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ও আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

