৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ছড়া: দুরন্ত শৈশব

সিবগাতুর রহমান
কেমনে ভুলে থাকি হাসি-খুশির
দুরন্ত সেই ছোটবেলা,
বৌচি, কানামাছি, গোল্লাছুট আর
দাড়িয়াবান্ধা খেলা।
মুয়াজ্জিনের ডাকে ভাঙতো নিদ
ইবাদতে শুরু হতো দিন,
ভাইবোন একসঙ্গে বসতাম পাঠে
স্মৃতি সব আজও অমলিন।
পাঠশালা ছিল যেন মিলনমেলা
পিতা-মাতা সম গুরুজন,
আদরে শাসনে রাখতো জড়িয়ে
ভাবলেই ভরে ওঠে মন।
দুপুরবেলায় সেই পুকুরের জলে
খেলেছি কত ডুবসাঁতার,
আনমনে ভাবি সে দিনগুলো যদি
আসতো ফিরে আবার!
মাঠে-ময়দানে সে কিশোর বেলা
মনে জাগে আজও শিহরণ,
দুরন্ত শৈশব ফিরে পেতে আজও
আনমনে ভেজে দুই নয়ন।
সূর্য ডোবার কালে ফিরতাম ঘরে
দিগন্ত হয়ে গেলে লাল,
নিজেকে গুছিয়ে বসতাম পাঠে
ছিল কত মধুর সে কাল!
কেমনে ভুলে থাকি হাসি-খুশির
দুরন্ত সেই ছেলেবেলা,
বৌচি, কানামাছি, গোল্লাছুট আর
দাড়িয়াবান্ধা খেলা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়