১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।বুধবার (৮ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আব্দুল আওয়াল (৪২) কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করীম বিশ্বাসের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে অভিযোগ তুলে বিবাদে জড়ান স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুন। এতে ক্ষিপ্ত হয়ে আওয়াল পরিবারের অন্য সদস্যদের সামনে ধারালো হাঁসুয়া দিয়ে শাহানার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া ২০২০ সালের ৩ মার্চ একমাত্র আসামি আওয়ালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়