খুলনা প্রতিনিধি
খুলনায় অস্ত্র মামলায় মো. সাহিদুল ইসলাম ওরফে মকমল (২৩) নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মকমল আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা নিজাম মোল্লার ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পিপি চৌধুরী তৌহিদুর রহমান তুষার। আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য ফুলতলায় অভিযান চালায় খুলনা র্যাব-৬-এর সদস্যরা। এ সময় তারা জানতে পারে, উপজেলার পয়গ্রামস্থ ফুলতলা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশে রবিউল ইসলাম মনুর বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত রাস্তার ওপর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সাহিদুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা ব্যাগ থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়, যার একটি লোহা ও কাঠের তৈরি দুই নলা বন্দুক।পরবর্তীতে এ ঘটনায় ওই দিন রাতেই র্যাবের ডিএডি মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৭ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও ফুলতলা থানার এসআই শফিকুল ইসলাম মো. সাহিদুল ইসলাম ওরফে মকমলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

