১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সালাহর পর লিভারপুল ছাড়ার ঘোষণা আরেক ‘কিংবদন্তির’

আজকের রাশিফল
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এফসি ছেড়ে চলতি মৌসুম শেষে বিদায় নিচ্ছেন স্কটিশ ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন। তাকে কিংবদন্তি হিসেবে ঘোষণা করে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অল রেডরা। ২০১৭ সালে হল সিটি থেকে অ্যানফিল্ডে যোগ দেওয়া রবার্টসন প্রায় এক দশক ধরে লিভারপুলের রক্ষণভাগের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। এই সময়ে তিনি জিতেছেন দুইটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, দুইটি লিগ কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ সহ অনেক শিরোপা।
ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘অ্যানফিল্ডে নয়টি সফল মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই গ্রীষ্মেই দল ছাড়বেন স্কটল্যান্ড অধিনায়ক। ৩৭৩টি ম্যাচ খেলে সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি লিভারপুলের সত্যিকারের একজন কিংবদন্তি হয়ে থাকবেন।’তবে নতুন খেলোয়াড়দের ভিড়ে চলতি মৌসুমে দলে জায়গা হারিয়েছেন ৩২ বছর বয়সী এই লেফট-ব্যাক। এই মৌসুমে তিনি মাত্র ১৫টি ম্যাচে শুরুর একাদশে খেলেছেন। গত জানুয়ারিতে টটেনহাম হটস্পারে সম্ভাব্য দলবদল নিয়েও আলোচনা হয়েছিল বলে জানিয়েছে ইএসপিএন। তবে রক্ষণভাগে চোট সমস্যার কারণে শেষ পর্যন্ত অ্যানফিল্ডেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বিদায়ের ঘোষণা দিতে গিয়ে রবার্টসন বলেন, ‘লিভারপুলের মতো একটি ক্লাব ছাড়াটা কখনোই সহজ নয়। গত নয় বছর আমার ও আমার পরিবারের জীবনের বড় একটি অংশ ছিল এই ক্লাব।
কিন্তু ফুটবলে পরিবর্তন আসবেই, আমাকেও সামনে এগোতে হবে।’ তিনি আরো বলেন, ‘এই ক্লাবের জন্য আমি হৃদয়-প্রাণ উজাড় করে দিয়েছি। খুব বেশি আক্ষেপ নেই। একজন মানুষ হিসেবে এখানে আমি বেড়ে উঠেছি। লিভারপুল ও এর সমর্থকরা সবসময়ই আমার হৃদয়ে থাকবে। শুরুর দিকে লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে জায়গা পেতে অপেক্ষা করতে হলেও, পরে দলের প্রথম পছন্দের লেফট-ব্যাক হয়ে ওঠেন রবার্টসন। এরপর থেকেই ট্রফির পর ট্রফি জিতে ক্লাবের সাফল্যের অন্যতম কারিগর হয়ে ওঠেন তিনি।
তবে নিজেকে ‘লিভারপুল কিংবদন্তি’ বলতে নারাজ রবার্টসন। তিনি বলেন, ‘আমি কখনোই নিজেকে কিংবদন্তি বলব না। তবে আমি গর্বিত যে, এই ক্লাবকে আবার সাফল্যের জায়গায় ফিরিয়ে আনতে পারা দুর্দান্ত দলের অংশ হতে পেরেছি।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়