২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ডাকাতদলের কবলে বাস: গুলিতে প্রাণ গেল ফুটবলারের

প্রতিদিনের ডেস্ক
বিপদ আঁচ করতে পেরে বাসকে পেছনে নেওয়ার চেষ্টা করেন চালক। যেন নিরাপদ জায়গায় নিতে পারেন তার যাত্রীদের। যাত্রীরা সাধারণ কেউ নন। ছিলেন ঘানা প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির ফুটবলাররা। তবে চালকের প্রচেষ্টা বুঝতে পেরেই বাধা দেয় ডাকাত দল। হাতে থাকা মারণাস্ত্রের ট্রিগার চাপে তারা। একটি বুলেট গিয়ে বিদ্ধ হয় ক্লাবটির উইঙ্গার ডমিনিক ফ্রিমপংয়ের শরীরে। পরে ২০ বছর বয়সী উদীয়মান ফুটবলারকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো গেল না। সতীর্থরা প্রাণে বাঁচলেও ফ্রিমপংয়ের নিথর দেহ ফিরেছে বেরেকুম চেলসিতে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (১২ এপ্রিল)। গোল ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘানা প্রিমিয়ার লিগে কাল সামারটেক্সের বিপক্ষে ম্যাচ ছিল বেরেকুম চেলসির। ম্যাচটি তারা ১-০ গোলে হেরেছে। খেলা শেষে ফেরার পথে গোয়াসা-বিবিয়ানি সড়কে সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে চেলসির খেলোয়াড়দের বহনকারী বাসটি। এ ঘটনায় ঘানার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এক বিবৃতিতে লিখেছে, ‘বেরেকুম চেলসি ফুটবল ক্লাবের ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যুর সংবাদে জিএফএ গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। এই বিয়োগান্ত ঘটনা পুরো ঘানা ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি। জিএফএ তার সতীর্থ, ম্যানেজমেন্ট ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’ ডাকাতদলের কাউকে ঘানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পেরেছে কি না, সেই ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়