প্রতিদিনের ডেস্ক
ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি নতুন ইতিহাস গড়েছেন। ক্যারিয়ারের ৯০০তম গোল পূর্ণ করে বিশ্বের মাত্র দ্বিতীয় ফুটবলার অনন্য মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে এই ৯০০ গোলের পেছনের গল্প আরো বেশি বিস্ময়কর। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে ইন্টার মায়ামির হয়ে গোল করে এই অর্জনে পৌঁছান আর্জেন্টাইন মহাতারকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেসির গোলের বড় অংশই এসেছে তার বাঁ পা থেকে। ৯০০ গোলের মধ্যে ৭৫৫টি করেছেন বাঁ পায়ে, ১১১টি ডান পায়ে এবং ৩০টি হেড থেকে। বাকি ৪টি গোল এসেছে অন্যান্যভাবে। এই পরিসংখ্যানই বলে দেয়, তার বাঁ পা কতটা বিধ্বংসী অস্ত্র। গোল করার জায়গার দিক থেকেও রয়েছে স্পষ্ট চিত্র। মেসির ৭২৪টি গোল এসেছে পেনাল্টি বক্সের ভেতর থেকে, আর ১৭৬টি বক্সের বাইরে থেকে। সেট-পিস থেকেও কম যান না মেসি। ক্যারিয়ারে তিনি ১১২টি পেনাল্টি ও ৭০টি ফ্রি-কিক থেকে গোল করেছেন। বিশেষ করে ফ্রি-কিক থেকে তার নিখুঁত শট বহুবার ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। কিছু নির্দিষ্ট দলের বিপক্ষে মেসি ছিলেন আরো বেশি ভয়ঙ্কর। সেভিয়ার বিপক্ষে ২৫ গোল, অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২৪, অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২৩ গোল করেছেন তিনি। এছাড়া রিয়াল মাদ্রিদের বিপক্ষেও রয়েছে ১৭ গোল। ক্লাব ও দেশের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সই মেসিকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। বার্সেলোনায় তার স্বর্ণালী সময়, পিএসজিতে সংক্ষিপ্ত অধ্যায় এবং বর্তমানে ইন্টনার মায়ামিতে তার প্রভাব, সব মিলিয়েই তৈরি হয়েছে এই ৯০০ গোলের মহাকাব্য।

