১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে জমি দখল ঠেকাতে গিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রামে জমি দখলে বাধা দেওয়ায় দীনেশ চন্দ্র মিস্ত্রী (৬৬) নামে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ১৩ এপ্রিলের এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে ৩/৪ জন ব্যক্তি লাঠি দিয়ে শারীরিক নির্যাতন করছে। স্থানীয়দের দাবি, নির্যাতনের শিকার ব্যক্তি দীনেশ চন্দ্র মিস্ত্রী। এঘটনায় ভুক্তভোগীর ভাইপো সুব্রত কুমার মিস্ত্রী মঙ্গলবার শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের যোগেশ মিস্ত্রী, নরেশ মিস্ত্রী, প্রভাষ মিস্ত্রী, সুরেশ চন্দ্র মিস্ত্রী ও রুহিত দাস মিস্ত্রীসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৩ এপ্রিল দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দীনেশ মিস্ত্রীর বাড়িতে প্রবেশ করে বসতভিটার সীমানা ভাঙচুর করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এসময় বাধা দিলে দীনেশ মিস্ত্রীকে গালিগালাজ করা হয় এবং পরে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়। অভিযোগে বলা হয়, একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী সুষমা মিস্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়। একই সময় অভিযুক্তরা বাড়ির দুটি আমগাছ, একটি সবেদা ও একটি সজিনা গাছ কেটে ফেলে ক্ষতিসাধন করে। এছাড়া ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দীনেশ চন্দ্র মিস্ত্রীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, তার মাথায় মারাত্মক আঘাত লেগেছে এবং গভীর ক্ষত রয়েছে। সিটি স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে।অভিযোগকারী সুব্রত কুমার মিস্ত্রী বলেন, শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমার কাকাকে মধ্যযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। এবিষয়ে অভিযুক্তদের মধ্যে নরেশ মিস্ত্রির মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।এদিকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গতকাল এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়