২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় অবৈধ ডিজেল মজুদে দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পৃথকভাবে ১৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার ও শহরের ইটাগাছা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত আসামির নাম মো. মোশারফ হোসেন (৪৬)। তিনি সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার নুরুন্নবীর ছেলে। সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, সাতক্ষীরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু বুধবার বিকেলে মেসার্স ভাই ভাই, মেসার্স ইউরেকা, মেসার্স এবি খান, মেসার্স আলিপুর, মেসার্স সোনালী ও মেসার্স কপোতাক্ষ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ তদারকি করেন। এ সময় কোনো ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ পাওয়া যায়নি। তবে বিভিন্ন ফিলিং স্টেশনে বিকেল ও বৃহস্পতিবারের মধ্যে তেল পৌঁছাবে বলে জানা যায়। তদারকির সময় সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে আরাফাত এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ১৭ লিটার ডিজেলের অবৈধ মজুদ পাওয়া যায়। লাইসেন্সবিহীন অবৈধ মজুদের অপরাধে আরাফাত এন্টারপ্রাইজকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর আওতায় ধারা ৪ ও ২০ অনুযায়ী ৫হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় ব্যবসায়ী মোশারফ হোসেনের দোকানে অভিযান চালিয়ে ১৭০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় লাইসেন্সবিহীনভাবে ডিজেল মজুদ করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪ ও ২০ (১১) (ঙ) অনুযায়ী ব্যবসায়ী মোশারফ হোসেনকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়