প্রতিদিনের ডেস্ক:
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই প্রক্রিয়া শুরু হয়। দলীয় সূত্র জানায়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রায় ২০০ থেকে ২৫০ জন নারী নেত্রী মনোনয়ন বোর্ডের সামনে উপস্থিত হয়ে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা ও গ্রহণযোগ্যতার বিষয় তুলে ধরছেন। সাক্ষাৎকার কার্যক্রমে বিএনপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে আছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহান পান্না, রাজশাহী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন, রাজশাহী জেলা বিএনপির সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী বিভাগ মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোখসানা বেগম টুকটুকি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, পাবনা জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু, নাজমা আকতার, নওগাঁ জেলা মহিলা দলের সভাপতি সামিনা পারভিন পলি, নাটোর জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন এবং জুলাই আন্দোলনের নেত্রী ফারজানা সিঁথি। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিণী রুমানা মাহমুদও সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন।
দলীয় নেতারা জানিয়েছেন, ধারাবাহিকভাবে বিভাগভিত্তিক এ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় অবদান ও সাংগঠনিক দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

