১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে পত্রিকা হকারকে প্রাণনাশের হুমকি পাওনা টাকা নিয়ে বিরোধ থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোরে পত্রিকা বিলি করা এক হকার পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, যশোর শহরের পত্রিকা বিক্রেতা আজিবার রহমান দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে পত্রিকা সরবরাহ করে আসছেন। এর ধারাবাহিকতায় তিনি এম.কে রোডস্থ মিনিস্টার শোরুমে পত্রিকা দিতেন। ওই শোরুমের তৎকালীন ম্যানেজার মোঃ আবুল বাসারের কাছে পত্রিকার বিল বাবদ ৩ হাজার ৫০৩ টাকা বকেয়া থাকে। পরবর্তীতে আবুল বাসার চাকরি ছেড়ে দিলে শোরুমে পত্রিকা সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নতুন ম্যানেজারের কাছে পাওনা টাকা চাইলে তিনি সাবেক ম্যানেজারের কাছে দাবি করার পরামর্শ দেন। এরপর আবুল বাসারের সঙ্গে যোগাযোগ করলে তিনি টাকা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ করেন আজিবার রহমান। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আজিবর রহমানের কাছে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে নিজেকে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয় দিয়ে আবুল বাসারের কাছে টাকা না চাইতে হুমকি দেওয়া হয়। পরে থানায় গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, ওই ধরনের কোনো পুলিশ সদস্য ফোন দেননি। ভুক্তভোগীর পত্রিকা পরিবেশক আজিবর অনুসন্ধান করে জানতে পারেন, ফোনদাতা ব্যক্তি স্থানীয় একটি শোরুমের কর্মচারী। তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। একই দিন রাতে আরও কয়েকটি নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আজিবার রহমান বলেন, “আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় তারা আমার ক্ষতি করতে পারে।” তিনি অভিযোগ করেন, আবুল বাসার ও তার সহযোগীরা বিভিন্ন নম্বর ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করছে এবং নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে। এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অভিযোগটি পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী তার পাওনা টাকা আদায় ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়