নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যশোর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবিরা সুলতানা মুন্নী। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া ৩৬ জনের তালিকায় যশোরের ঝিকরগাছা উপজেলার বিএনপি নেত্রী সাবিরা সুলতানা মুন্নী রয়েছেন। এদিন বিকেলে বিএনপি নেত্রী সাবিরা সুলতানা মুন্নী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিগত নির্বাচনে তিনি যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন। দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর সাবিরা সুলতানা মুন্নী মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি তিনি দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছেন, দল তাকে মূল্যায়ন করেছে, এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকলের প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি এলাকার মানুষ তার সাথে ছিলেন উল্লেখ করে তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দল থেকে তার উপরে অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারেন, সেজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, আগামী ১২ মে সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে সরকার গঠনের পর এখন সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি।

