প্রতিদিনের ডেস্ক:
লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙছে একজন ইসরায়েলি সেনা, ভিডিওটি প্রকাশ পাওয়ার পর ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এদিকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। দক্ষিণ লেবাননে ঘটা ঘটনাটির একটি ভিডিওতে দেখা যায়, দেইর সিরিয়ান শহরে ওই সেনা একটি হাতুড়ি( জ্যাকহ্যামার) ব্যবহার করে মূর্তির মাথা ভেঙে দিচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই কাজটি তাদের এক সেনা ঘটিয়েছে। তবে তারা এটাও দাবি করেছে, ধর্মীয় ভবন বা প্রতীকসহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার কোনো উদ্দেশ্য তাদের নেই।যদিও সামরিক বাহিনী দাবি করছে, নর্দার্ন কমান্ড ঘটনাটি তদন্ত করছে, তবে তারা ওই সেনার পরিচয় বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি। সাবেক মার্কিন কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন এই খবরের তীব্র সমালোচনা করেন।তিনি বলেন, ‘যে দেশটি করদাতাদের অর্থে শত শত কোটি ডলার ও অস্ত্রসহায়তা পায়, আমাদের সেই সবচেয়ে বড় মিত্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।’বিশিষ্ট মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব রায়ান গ্রিম বলেছেন, ‘ইসরায়েলি সেনারা একটানা আড়াই বছর ধরে নিরবচ্ছিন্নভাবে তাদের যুদ্ধাপরাধ এবং সাংস্কৃতিক অবমাননার ছবি পোস্ট করে আসছে।’ বিখ্যাত কট্টর-ডানপন্থী ভাষ্যকার এবং সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গেটজ ইসরায়েলি এই পদক্ষেপকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।লেবাননের গণমাধ্যম একই জেলার আইন এবেল গ্রামে আরেকটি খ্রিস্টান স্থাপনার ক্ষতির খবর দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি ধর্মীয় স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে টায়ার জেলার শামা গ্রামও রয়েছে। ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় দুই হাজার ২৯৪ জন নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

