প্রতিদিনের ডেস্ক
১৯১২ সালের ঐতিহাসিক জাহাজডুবির স্মারক টাইটানিক থেকে বেঁচে ফেরা এক যাত্রীর লাইফ জ্যাকেট যুক্তরাজ্যের এক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ব্রিটিশ এক নিলাম সংস্থার তথ্য অনুযায়ী, বিরল এই লাইফ জ্যাকেটটি ৯ লাখ ৪ হাজার ৫০০ ডলারে (প্রায় ২৫ কোটি টাকার বেশি) বিক্রি হয়েছে, যা এর প্রাথমিক অনুমিত মূল্য ৩ লাখ ৩৯ হাজার থেকে ৪ লাখ ৭৪ হাজার ডলারের চেয়ে অনেক বেশি। লাইফ জ্যাকেটটি ছিল প্রথম শ্রেণির যাত্রী লরা মেবেল-এর। তিনি লাইফবোট নম্বর ১–এ করে দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান। জ্যাকেটটিতে লরা মেবেলসহ আরও কয়েকজন বেঁচে যাওয়া যাত্রীর স্বাক্ষর রয়েছে, যা এর ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, টাইটানিক ১৯১২ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে প্রথম যাত্রার সময় আটলান্টিক মহাসাগরে একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ দুর্ঘটনায় ১,৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৭০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

