১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ছুটির দিনেও চালু থাকবে বিএসটিআই সেবা

প্রতিদিনের ডেস্ক:
আমদানি করা পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের বন্দরে ড্যামারেজ (ক্ষতিপূরণ) থেকে রক্ষা করতে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সংশ্লিষ্ট সেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন শিল্প সচিব ওবায়দুর রহমান।শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে আয়োজিত স্টেকহোল্ডার গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিশেষ নির্দেশনা দেন।ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তের ফলে আমদানি করা পণ্যের দ্রুত ছাড়পত্র নিশ্চিত হবে এবং বন্দরে অপ্রয়োজনীয় ড্যামারেজ খরচ থেকে ব্যবসায়ীরা রক্ষা পাবেন বলেও মন্তব্য করেন তিনি।পাশাপাশি সিটিজেন চার্টারে নির্ধারিত সময়ের চেয়েও কম সময়ে আমদানি করা পণ্যের ছাড়পত্র দেওয়ার জন্য বিএসটিআই কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প সচিব স্পষ্ট করেন যে, সরকার নিজে ব্যবসা করে না বরং ব্যবসায়ীদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও পরিবেশ তৈরি করে দেয়। দেশের উন্নয়নের গতি বজায় রাখতে ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় সরকার পাশে থাকবে বলে তিনি জানান।বিএসটিআই মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এম এ কামাল বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার টয়লেট্রিজ, সিটি গ্রুপ, ওয়ালটন, এসিআই, পোলার আইসক্রিম, অলিম্পিক বেকারি অ্যান্ড কনফেকশনারি লিমিটেড, অলিম্পিয়া বেকারি, ট্রাস্ট ইনফিনিটি ফার্মস, পিয়ারলেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ অনেকে।এদিকে গণশুনানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো; নকল পণ্য উৎপাদনকারী অবৈধ প্রতিষ্ঠানের উৎস শনাক্তকরণ এবং কঠোর ব্যবস্থা গ্রহণ, পণ্যের মান প্রণয়নে এসআরও প্রকাশের সময়সীমা হ্রাস, ফুড গ্রেড কালার ব্যবহারের আগে প্রয়োজনে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা, সুগার ও নন-সুগার রুটি-পাউরুটির স্ট্যান্ডার্ড একত্রিতকরণ, লাইভ বেকারিগুলোতে অভিযান জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।গণশুনানিতে বিএসটিআই মহাপরিচালক ব্যবসায়ীদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করে বলেন, আপনারা আমাদের সেবাগ্রহীতা; আপনাদের সেবায় কোনো ঘাটতি থাকলে আমরা জবাবদিহি করতে বাধ্য। আমরা আপনাদের সুবিধার্থে এসআরও প্রকাশকাল কমিয়ে আনা এবং পণ্যের মান প্রণয়ন প্রক্রিয়া আরও সহজ করতে কাজ করছি।গণশুনানিতে আলোচিত বিষয়ে ইতিবাচক কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়