নিজস্ব প্রতিবেদক
যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর তৃতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার শেষ দিনে তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)-এর সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন প্রার্থীদের জন্য দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিংএই তিনটি ইভেন্টে পরীক্ষা নেওয়া হয়। তিনটি ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছেন। প্রতিটি ইভেন্ট শুরুর আগে প্রার্থীদের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। পাশাপাশি নিয়োগ বোর্ডের সভাপতি প্রার্থীদের মনোবল বাড়াতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি জানান, সম্পূর্ণ মেধা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হবে। এ বিষয়ে কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়তে এবং কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত না হতে প্রার্থীদের সতর্ক করা হয়। তিনি আরও জানান, আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য,পুলিশ হেডকোয়ার্টার্সের তদারকি কমিটির সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

