১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মামুনুল হকের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিদিনের ডেস্ক:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের হাইকমিশনার জলিল রহিমি জাহানাবাদি। সোমবার দুপুরে ঢাকার মোহাম্মদপুরে মামুনুল হকের মজলিসের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান।
সাক্ষাৎকালে ইরানে চলমান আমেরিকা-ইসরায়েলের আগ্রাসন ও বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। আমিরে মজলিস ইরানে পরিচালিত সাম্প্রতিক সময়ের ইসরাইল-আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ বলে অভিহিত করেন। সেই সঙ্গে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন।
এ সময় আমিরে মজলিস হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে ইরানকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান। ইরানের হাইকমিশনার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সমাধানের চেষ্টা চালাবেন এবং এ বিষয়ে তার দেশে ইতিবাচক বার্তা প্রেরণ করবেন বলে আশ্বাস দেন। সেইসঙ্গে ইরান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়