প্রতিদিনের ডেস্ক:
পিএসএলের ১১তম আসরে পেশোয়ার জালমিকে শিরোপা এনে দিয়েছেন অধিনায়ক বাবর আজম। নিজেও আছেন আগুনে ফর্মে। এরপরই তিনি জানিয়েছেন ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। কোনো এক ফরম্যাট থেকে অবসর নেবেন কি না, তেমন প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি।
রোববার হায়দরাবাদ কিংসমেনকে পাঁচ উইকেটে হারিয়ে পিএসএলের শিরোপা জেতে পেশোয়ার জালমি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাবরকে ফরম্যাট বেছে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি মাঝপথেই প্রশ্ন থামিয়ে দিয়ে বলেন, ‘চিন্তা করো না, আমি তিনটা ফরম্যাটেই খেলব।’বাবর আরও বলেন, কোন ফরম্যাট খেলবেন আর কোনটা খেলবেন না, এটা একজন খেলোয়াড়ের সিদ্ধান্ত নয়। তার ভাষায়, ‘একজন খেলোয়াড়ের কাজ হলো খেলা।’লাল বলের ক্রিকেটের গুরুত্ব নিয়ে বাবর বলেন, ‘আমার মতে, প্রতিটা খেলোয়াড়ের উচিত ক্রিকেটের সব ফরম্যাট খেলা। লাল বলের ক্রিকেট অনেক অভিজ্ঞতা দেয়। ইনিংস কীভাবে গড়তে হয়, ধৈর্য কীভাবে রাখতে হয়, এসব শেখায়।’ তিনি মনে করেন, এই শিক্ষা সাদা বলের ক্রিকেটেও কাজে আসে।
পিএসএলের এবারের আসরে বাবর ছিলেন সবচেয়ে সফল ব্যাটার। ১১ ম্যাচে তিনি ৫৮৮ রান করেছেন। এই মৌসুমে দুটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার হিসেবে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন।তবে এত ভালো পারফরম্যান্সের পরেও বাবর বললেন, নিজের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেননি। তার কথায়, ‘আমি যেভাবে চেয়েছিলাম, ঠিক সেভাবে দিতে পারিনি। কিন্তু এটা হয়। সব কিছু চেষ্টা করো, তবু কখনো কখনো মনের মতো হয় না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কঠিন একটা সময় পার করেছেন বাবর। সেই সময়ে পরিবার, বন্ধু আর কোচদের সমর্থন তাকে আবার আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে বলে তিনি জানান।পিএসএলের আগে সীমিত প্রস্তুতির সুযোগে বাবর ভুলগুলো শুধরানো এবং নিজের স্বাভাবিক ব্যাটিং ধরনে ফেরার দিকে মনোযোগ দেন। তিনি বলেন, ‘এই পিএসএলে আমার লক্ষ্য ছিল সহজ। স্বাভাবিক খেলা খেলো এবং নিজের চেনা শটগুলোতে থাকো।’শিরোপা জেতার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাবর বলেন, ‘দেরিতে হলেও না হওয়ার চেয়ে ভালো। কিছু জিনিস দেরিতে আসে, আবার কিছু দ্রুত আসে।’

