প্রতিদিনের ডেস্ক:
পশ্চিমবঙ্গে বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও পরাজয় মেনে নিতে এখনো প্রস্তুত নন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।সোমবার (৪ মে) দুপুরে এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘কাউন্টিং এজেন্টরা কেউ গণনাকেন্দ্র থেকে সরে আসবেন না। তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না।’ নির্বাচনি ফলাফলের নামে ‘গোটাটাই মিথ্যা জিনিস খাওয়াচ্ছে’ বলেও দাবি করেন তিনি।
নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ‘ইচ্ছামতো খেলছে’ বলে অভিযোগ করেন মমতা। তিনি আরও বলেন, আমি প্রথম থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে, পরে আমাদের (তৃণমূলের) জেতা আসনগুলো দেখাবে।তৃণমূলের নেতাকর্মী ও গণনাকেন্দ্রে যে এজেন্টরা আছেন তাদের ‘বাঘের বাচ্চার মতো লড়ে যেতে’ আহ্বান জানান তিনি।ভোট গণনা বন্ধ রাখার অভিযোগ তুলে মমতা ব্যানার্জী বলেন, ১০০ জায়গায় গণনা বন্ধ করে রেখেছে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারদিকে তৃণমূলের ওপর অত্যাচার করছে, অফিস ভাঙছে। এসআইআরে নাম কেটে কার্যত ভোট লুট করেছে বিজেপি। যেসব জায়গায় তৃণমূলে জেতার সম্ভাবনা ছিল, সেখানে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।
তৃণমূল কর্মী ও প্রার্থীদের উদ্দেশে মমতা বলেন, মন খারাপ করার কারণ নেই। বলেছিলাম সূর্যাস্তের পর আপনারা জিতবেন।আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো।

