প্রতিদিনের ডেস্ক:
সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছেছে। বুধবার (৬ মে) দুপুর সোয়া ১২টায় জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে।বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এদিন বিকেলেই ক্রুড লাইটারিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৭ মে) ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা প্ল্যান্ট পুনরায় চালু করা হবে।ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড আনতে ‘এমটি ফসিল’ নামের আরেকটি জাহাজ বর্তমানে ফুজাইরার পথে রয়েছে। জাহাজটি ১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন দেশের একমাত্র পেট্রোলিয়াম রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। এ রিফাইনারিতে ব্যবহৃত শতভাগ ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশ সরকার জি-টু-জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এই ক্রুড আমদানি করে থাকে।আমদানি করা ক্রুডের পুরো পরিবহন কার্যক্রম পরিচালনা করে সরকারি পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এ জন্য বর্তমানে মার্কিন প্রতিষ্ঠান ‘নর্ডিক এনার্জি’ থেকে চার্টারে জাহাজ ভাড়া নিচ্ছে বিএসসি।

