প্রতিদিনের ডেস্ক:
কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, কুরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে এবং এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মীর শাহে আলম বলেন, আসন্ন কুরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। পশু পরিবহনের সময় যাতে মানুষের ভোগান্তি ও যানজট না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।তিনি আরও জানান, হাটগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) দল থাকবে, যারা হাট ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।তিনি বলেন, বিভিন্ন পক্ষ থেকে পাওয়া কিছু সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। তিনি আরও জানান, হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপনসহ নকল টাকা ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

