৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভোজন বাড়িতে : পচা খাবার-তেলাপোকায় ভরা কিচেন, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের লালদীঘির পাড়ে অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ ভোজন বাড়িতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের ভয়াবহ চিত্র পেয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। অভিযানে রেস্তোরাঁটির কিচেনে তেলাপোকার উপদ্রব, পচা ও বাসি খাবার সংরক্ষণ এবং অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। বুধবার পরিচালিত এ অভিযানে দেখা যায়, যেখানে প্রতিদিন শত শত মানুষ খাবার গ্রহণ করেন, সেই প্রতিষ্ঠানের রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত জঘন্য ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

কিচেনের বিভিন্ন স্থানে তেলাপোকার বিচরণ, অপরিচ্ছন্ন খাদ্য সংরক্ষণ এবং পচা খাবার রাখার বিষয়টি আদালতের নজরে আসে। অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আছাদুল ইসলাম। এ সময় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় ভোজন বাড়িকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আদালতের পেশকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়