প্রতিদিনের ডেস্ক:
আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে আশাবাদী সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পরও নিজের ফিটনেস ও ফর্ম ফিরে পাওয়ার বিশ্বাস রাখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, সুযোগ পেলে ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখেই ভাবতে পারেন ভবিষ্যৎ পরিকল্পনা।দেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘বেশ কিছুদিন খেলার বাইরে থাকলেও নিয়মিত অনুশীলনে ফিরলে আবার আগের অবস্থায় পৌঁছানো সম্ভব।’ ফিটনেস, ফর্ম—সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মতো অবস্থায় আসলে কতটা আছেন, এমন প্রশ্নে সাকিব বলেন, ‘বেশ কিছুদিন একটা গ্যাপ গেছে। তবে কিছুদিন ট্রেনিং করলে আশা করি আবার পুরো সঠিক অবস্থায় আসা সম্ভব হবে।
জাতীয় দলে ফেরার জন্য কতদিন অপেক্ষা করবেন—এ প্রশ্নে অবশ্য নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে চাননি তিনি। সাকিব বলেন, ‘এ রকম কোনো সময়সীমা নির্ধারণ করিনি ভাই, এটা বলা মুশকিল।’
সম্প্রতি প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়া হাবিবুল বাশার বলেছেন, সাকিব ফিরলে তাকে শুধু এক-দুটি সিরিজের জন্য নয়, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায়ও রাখতে চান। এ প্রসঙ্গে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।তিনি বলেন, ‘সেটা যদি তিনি চিন্তা করেন, আমিও খুশি হব। আমিও তখন সেভাবে চিন্তা করতে পারব। অবশ্যই টি-টোয়েন্টি আর টেস্ট সেভাবে আর মাথায় নেই আমার। হয়তো একটা করে সিরিজ খেলব সুযোগ পেলে। তবে অন্য যেকোনো ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে মনে হয় আমার অনেক বেশি অবদান রাখার সুযোগ আছে। আর যেহেতু বিশ্বকাপটাও আছে…।’বিশ্বকাপের মতো বড় আসরে খেলার আত্মবিশ্বাস আছে কি না—এ প্রশ্নে সাকিব বলেন, চেষ্টা ও আত্মবিশ্বাস দুটোই আছে, তবে মাঠের পারফরম্যান্সই শেষ কথা।
তার ভাষায়, ‘অবশ্যই। ওই চেষ্টা তো করতেই হবে। তবে আত্মবিশ্বাসী আমি থাকতেই পারি, তার মানে এই নয় যে আমি ভালো করবই। এ রকম কোনো গ্যারান্টি নেই। তবে এটা তো খেলার ওপর নির্ভর করবে, মানে একটা-দুইটা সিরিজ খেললে বোঝা যাবে। তখন আমিও সিদ্ধান্ত নিতে পারব, তারাও আমার সম্পর্কে বুঝতে পারবে।’

