৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

হোয়াটসঅ্যাপেই এআইয়ের সঙ্গে গোপন চ্যাট করতে পারবেন

প্রতিদিনের ডেস্ক:
স্মার্টফোন যেমন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ধীরে ধীরে মানুষের আরেকটি ডিজিটাল সহকারী হিসেবে জায়গা করে নিচ্ছে। কখনো এটি ব্যক্তিগত মেন্টরের মতো পরামর্শ দিচ্ছে, আবার কখনো কাজের সহকারী হিসেবে নানা জটিল বিষয় সহজ করে দিচ্ছে।
তথ্য খোঁজা, সমস্যা সমাধান কিংবা মানসিক আলাপচারিতা-সব ক্ষেত্রেই এআই-এর ব্যবহার বাড়ছে। তবে অনেক সময় ব্যবহারকারীরা এমন সংবেদনশীল বিষয়ে প্রশ্ন করেন, যা তারা সম্পূর্ণ গোপন রাখতে চান। সেই চাহিদা পূরণেই নতুন উদ্যোগ নিয়েছে মেটা।মেটা সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তারা হোয়াটসঅ্যাপ এবং মেটা এআই অ্যাপে ইনকোগনিটো চ্যাট নামের একটি নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এআই-এর সঙ্গে একেবারে ব্যক্তিগতভাবে কথা বলতে পারবেন, যেখানে কথোপকথন সংরক্ষিত থাকবে না এবং পরে আর দেখা যাবে না। বিশেষ করে আর্থিক, স্বাস্থ্য বা ব্যক্তিগত জীবন সম্পর্কিত সংবেদনশীল প্রশ্ন করার ক্ষেত্রে এটি বেশি কার্যকর হবে বলে জানানো হয়েছে।কোম্পানির তথ্য অনুযায়ী, এই ফিচারটি চালু হবে তাদের প্রাইভেট প্রসেসিং প্রযুক্তির ওপর ভিত্তি করে। এর মাধ্যমে এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করা হবে, যেখানে ব্যবহারকারীর কথোপকথন কেউ অ্যাক্সেস করতে পারবে না এমনকি মেটাও সেই ডাটা দেখতে পারবে না বলে দাবি করা হয়েছে। প্রতিটি ইনকগনিটো সেশন সাময়িকভাবে সক্রিয় থাকবে এবং সেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।ইনকোগনিটো ধারণাটি নতুন নয়। আগে থেকেই ওয়েব ব্রাউজারে এই ধরনের মোড ব্যবহার করা হয়, যেখানে ব্রাউজিং হিস্ট্রি সংরক্ষণ করা হয় না। এআই ক্ষেত্রেও কিছু প্রতিষ্ঠান একই ধরনের অস্থায়ী চ্যাট সুবিধা এনেছে, তবে মেটা দাবি করছে তাদের সিস্টেম আরও বেশি ব্যক্তিগত ও সুরক্ষিত।মেটা আরও জানিয়েছে, বর্তমান অনেক সিস্টেমে সীমিত আকারে ডাটা অ্যাক্সেসের সুযোগ থাকলেও তাদের নতুন ইনকোগনিটো চ্যাট সম্পূর্ণভাবে ব্যবহারকারীর কথোপকথন গোপন রাখার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে গোপনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।এছাড়া প্রতিষ্ঠানটি আরেকটি নতুন ফিচারের কথাও জানিয়েছে, যার নাম সাইড চ্যাট। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় মূল চ্যাট চালু রেখেই আলাদাভাবে মেটা এআই-এর সঙ্গে কথা বলতে পারবেন। এটিও একই প্রাইভেট প্রসেসিং প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে, যাতে ব্যবহারকারীর তথ্য নিরাপদ থাকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়