৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সাকিব

প্রতিদিনের ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক নানা ইস্যুতে এবার খোলামেলা কথা বলেছেন সাকিব আল হাসান। জাতীয় দলে ফেরা, বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি তামিম ইকবালের সঙ্গে সম্পর্ক এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।দেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, তামিম সভাপতি হওয়ার পর একবারই তাদের যোগাযোগ হয়েছিল। সেটিও ছিল ক্যাপ্টেনস কার্ড ও ক্রিকেটার্স কার্ড নেওয়ার বিষয়ে।কার্ড নেওয়ার বিষয়ে যোগাযোগ ছাড়া কোনো যোগাযোগ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না, ওই সময়ই ফোন দিয়ে বলেছিল যে আমারও কার্ড আছে। ওইটা নেওয়ার জন্য।ক্যাপ্টেনস কার্ড, ক্রিকেটার্স কার্ড—দুইটা কার্ডই পাব ইনশা আল্লাহ।’দেশে ফেরা ও মামলা-মোকদ্দমার প্রসঙ্গে তামিম সম্প্রতি সাকিব, নাঈমুর রহমান ও মাশরাফি বিন মুর্তজার একই অবস্থায় থাকার কথা বলেছিলেন। তবে এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘(হাসি) আসলে আমি জানি না যে দুর্জয় ভাই (নাঈমুর) আর মাশরাফি ভাই আবার জাতীয় দলে খেলবেন, এ রকম চিন্তা করছেন কি না।সেটা হলে হয়তো আমরা তিনজন একই পর্যায়ে আছি। সেটা না হলে একই পর্যায়ে অবশ্যই আমরা নেই। তিনজন তিনটা পর্যায়ে আছি। আমি এটা অবশ্যই সমর্থন করি যে যারা ভুক্তভোগী সবার নামই আলোচনায় আসা উচিত। কিন্তু যদি বলেন যে খেলার প্রশ্ন, তাহলে তো আমার মনে হয় বাংলাদেশ দল হয়তো একজন অফ স্পিনার আর একজন পেস বোলার খুঁজছে।আর আমি লেফট আর্ম স্পিনার। সেটা যদি না হয়, তাহলে এটা সম্পূর্ণ ভুল একটা কথা আমার মনে হয়। আমার ফেরার সঙ্গে খেলা জড়িত, এটা না বোঝার কিছু নেই।’একসময় তামিমের সঙ্গে দূরত্বের গুঞ্জন থাকলেও, বিসিবির দায়িত্ব নেওয়ার পর সেটি তার জন্য সুবিধা নাকি অসুবিধা—এ প্রশ্নেও সাকিব বলেন, ‘এখানে সুবিধা-অসুবিধা হওয়ার কিছু আছে বলে মনে করি না। তবে নির্বাচনের পরে একটা বোর্ড এলে তাদের যদি কোনো চিন্তা থাকে তো থাকল কিংবা যদি চিন্তা না থাকে, সেটাও আমি জানব।’
রাজনীতিতে যুক্ত হলেও ভবিষ্যতে তামিমের মতো ক্রিকেট প্রশাসনে আসার আগ্রহ নেই বলেও জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘না। আমি মনে হয় আগেও বলছি যে আমার ও রকম ইচ্ছা নেই। খেলা ছাড়ার পর আমার স্পোর্টসের সঙ্গে থাকার কোনো ইচ্ছা নেই বললেই চলে। তবে কোচিং করানো বা মেন্টর ধরনের কিছু হলে হয়তো একটা সম্ভাবনা থাকবে। সেটা আমি উপভোগ করব। এ ছাড়া নয়।’
ভবিষ্যতে কোচিং কোর্স করার ইচ্ছা কিনা এমন প্রশ্নে সাকিব বলেন, ‘না, কোর্স করার কোনো ইচ্ছা নেই, কোর্স করে কোচ হব না।’

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়