প্রতিদিনের ডেস্ক:
অভিনেত্রী শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে ‘অ্যান্টি-এজিং’ বা বয়স কমানোর ইনজেকশন নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে-এমন আলোচনা শুরু হয় নেটদুনিয়ায়। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন শেফালীর স্বামী পরাগ ত্যাগী।
সম্প্রতি এক ভিডিওবার্তায় পরাগ জানান, শেফালি নিয়মিত কোনো ‘অ্যান্টি-এজিং’ ইনজেকশন নিতেন না। বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাসে একবার কিছু স্বাস্থ্য সুরক্ষামূলক সাপ্লিমেন্ট গ্রহণ করতেন তিনি।
পরাগের ভাষ্য, ‘আমাকেও বলুন, কোন ইনজেকশনের কথা বলা হচ্ছে?’ তিনি জানান, শেফালি মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন এবং গ্লুটাথিয়নের আইভি ড্রিপ নিতেন। এগুলো সাধারণ স্বাস্থ্য ও ত্বকের যত্নের জন্যই ব্যবহৃত হতো।
শেফালির মৃত্যুর দিন তিনি উপবাসে ছিলেন বলেও গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই দাবিও উড়িয়ে দিয়েছেন পরাগ। তার দাবি, পূজার পর খাবার খেয়েছিলেন শেফালি। ফলে খালি পেটে কোনো ইনজেকশন নেওয়ার কারণে মৃত্যু হয়েছে-এমন তথ্য সঠিক নয়।স্ত্রীর জীবনযাপন প্রসঙ্গে পরাগ বলেন, নিয়মিত শরীরচর্চা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নিজের শরীরের প্রতি যত্নশীল মনোভাবই ছিল শেফালির সুস্থতার মূল রহস্য।তিনি আরও বলেন, ‘ও কখনো নিজেকে খাবার থেকে বঞ্চিত করেনি। আইসক্রিম, চাইনিজ খাবার-সবই খেত, তবে পরিমিতভাবে।’ শেফালির মৃত্যু নিয়ে যখন নানা গুঞ্জন ও বিতর্ক চলছে, তখন পরাগের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
