প্রতিদিনের ডেস্ক
তীব্র গরমে স্বস্তি পেতে ঠান্ডা তরমুজের জুড়ি মেলা ভার। তবে সাম্প্রতিক কিছু ঘটনার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে—ফ্রিজে রাখা কাটা তরমুজ খাওয়া আসলেই কতটা নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজে কাটা তরমুজ রাখা সাধারণত নিরাপদ, তবে সে ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিক সংরক্ষণের নিয়মগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। পুষ্টিবিদদের মতে, তরমুজে প্রচুর পরিমাণে পানি এবং প্রাকৃতিক চিনি থাকে। ফলে গরমের আবহাওয়ায় এটি ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য অত্যন্ত সংবেদনশীল। কাটা তরমুজ ঘরের তাপমাত্রায় দীর্ঘক্ষণ রেখে দিলে স্বাস্থ্যঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। তাই তরমুজ কাটার পরপরই তা ফ্রিজে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, তরমুজ জীবাণুমুক্ত রাখার মূল চাবিকাঠি হলো পরিচ্ছন্নতা। তরমুজ কাটার আগে পুরো ফলটি ভালো করে ধুয়ে নিতে হবে। একই সঙ্গে হাত এবং ছুরিও ভালোভাবে পরিষ্কার করা উচিত। অন্যথায়, তরমুজের বাইরের ত্বকে থাকা ব্যাকটেরিয়া কাটার সময় ভেতরের অংশে প্রবেশ করতে পারে। খোলা তরমুজ এড়ানো: বাইরে বা বাজারে দীর্ঘক্ষণ খোলা বা কেটে রাখা তরমুজ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

