এস এম মমিনুর রহমান, ফুলতলা
ফুলতলায় এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে ফুলতলা বাজারের গোডাউন খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বর্তমানে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত শিক্ষার্থী মরিয়াম খানম নদী (১৭) যশোর জেলার অভয়নগর থানাধীন সিদ্ধিপাশা পি.বি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। তার পিতা মোঃ বাদশা গাজী অভয়নগরের সিদ্ধিপাশা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আটক যুবক আশিক শেখ (২৫) অভয়নগর উপজেলার গোপিনাথপুর গ্রামের আজিজুর শেখের ছেলে। ভিকটিমের পরিবারের অভিযোগ, আশিক শেখ দীর্ঘ প্রায় দুই বছর ধরে মরিয়াম খানম নদীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। পরিবার প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। একপর্যায়ে স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা, অশালীন আচরণ করা এবং রাজি না হলে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার মরিয়ামের এসএসসি পরীক্ষা থাকায় তার মা টুকটুকি বেগম তাকে নিয়ে ফুলতলা থানাধীন রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর আনুমানিক ২ টার দিকে তারা দামোদর গ্রামের গোডাউন ঘাটের খেয়ায় ওঠেন। এ সময় পূর্ব থেকে সেখানে অবস্থান নেওয়া আশিক শেখ ধারালো ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলার সময় টুকটুকি বেগম খেয়ার ওপর পড়ে যান। পরে আশিক শেখ মরিয়ামকে লক্ষ্য করে গলায় ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে সে সরে গেলে ছুরির আঘাত তার ডান কাঁধে লাগে। এতে সে গুরুতর জখম হয়। এ সময় মরিয়ামের পিতা বাদশা গাজী স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে ধাওয়া করে আটক করেন। পরে খবর পেয়ে ফুলতলা থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। আহত মরিয়ামকে স্থানীয়দের সহায়তায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং-০৮, তারিখ- ১৭/০৫/২০২৬ ইং) দায়ের করেন। ফুলতলা থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

