৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোটরসাইকেলে নতুন করের প্রতিবাদে যশোরে মানববন্ধন, বাজেট প্রস্তাব পুনর্বিবেচনার দাবি

নিজস্ব প্রতিবেদক
যশোরে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর (এআইটি) আরোপের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) সকালে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ বাইকার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন বাইকিং কমিউনিটির নেতৃবৃন্দ ও শতাধিক বাইকার অংশ নেন। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা মানববন্ধনে যশোরের বিভিন্ন বাইকিং গ্রুপের সদস্যরা অংশ নিয়ে প্রস্তাবিত করকে ‘অযৌক্তিক’ ও ‘জনবিরোধী’ আখ্যা দেন। পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন যশোর বাইকিং কমিউনিটির অ্যাডমিন ও সংগঠনের সভাপতি এসকে সুজন। উপস্থিত ছিলেন যশোর রাইডার্সের ফাউন্ডার হাসিব ইমতিয়াজ, ইয়ামাহা রাইডার্স ক্লাবের অ্যাডমিন পিয়াল, ফায়ার রাইডার্সের অ্যাডমিন রাব্বি, স্কোয়াড রাইডার্সের অ্যাডমিন কাজী রাকিব, ডেঞ্জারাস বাইক রাইডার্সের অ্যাডমিন পিএইচ রকি, সিটি রাইডার্সের অ্যাডমিন শহিদুল, ফ্রিডম বাইক রাইডার্সের অ্যাডমিন সাগর, যশোর দেশি বাইকারের কো-অর্ডিনেটর ইমরানসহ বিভিন্ন সংগঠনের নেতারা। বক্তারা বলেন, বর্তমানে মোটরসাইকেল কোনো বিলাসপণ্য নয়; বরং শিক্ষার্থী, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও রাইড শেয়ারিং চালকদের দৈনন্দিন যাতায়াত ও জীবিকার অন্যতম প্রধান বাহন। ইতোমধ্যে রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, ফিটনেস, বীমা ও জ্বালানির বাড়তি দামে সাধারণ বাইকাররা চাপে রয়েছেন। এর মধ্যে নতুন করে সিসি (পপ) ভিত্তিক অগ্রিম আয়কর আরোপ সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক বোঝা সৃষ্টি করবে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত বাজেটে ১১০ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের জন্য বার্ষিক ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তে দেশের লাখ লাখ মোটরবাইক ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেন তারা। বক্তারা অবিলম্বে এই অগ্রিম আয়কর প্রত্যাহার অথবা যৌক্তিকভাবে পুনর্বিবেচনার দাবি জানান। একই সঙ্গে পরিবহন খাতকে জনবান্ধব রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বাইকাররা।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়