৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পারমাণবিক অস্ত্র মহড়া শুরু করেছে রাশিয়া

প্রতিদিনের ডেস্ক:
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রাক্কালে মঙ্গলবার (১৯ মে) রাশিয়ার সেনাবাহিনী দেশজুড়ে তিন দিনের পারমাণবিক অস্ত্র মহড়া শুরু করেছে।ইউক্রেনে চার বছরের বেশি সময় ধরে চলা সামরিক অভিযানের সময়জুড়ে মস্কো তার পারমাণবিক অস্ত্রভান্ডারের সক্ষমতা প্রদর্শন করেছে এবং বারবার সেগুলো ব্যবহারের হুমকি দিয়েছে।রাশিয়া ও ওয়াশিংটনের মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র চুক্তি ভেঙে যাওয়ার কয়েক মাস পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে পুতিন সম্প্রতি মস্কোর পারমাণবিক বাহিনীর শক্তিমত্তা নিয়ে ধারাবাহিক মন্তব্য করে আসছেন।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ থেকে ২১ মে, ২০২৬ পর্যন্ত রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী সম্ভাব্য আগ্রাসনের হুমকির পরিস্থিতিতে পারমাণবিক বাহিনীর প্রস্তুতি ও ব্যবহারের মহড়া পরিচালনা করছে।প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় ৬৫ হাজারের বেশি সেনাসদস্য এবং ৭ হাজার ৮০০ ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্র অংশ নিচ্ছে। এর মধ্যে ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে। বিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং পারমাণবিক সাবমেরিনও এতে অংশ নেবে।মন্ত্রণালয় আরও জানিয়েছে, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণও করা হবে।চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের সঙ্গে নিউ স্টার্ট চুক্তির সমাপ্তির মাধ্যমে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তি আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে যায়।রাশিয়া কৌশলগত পারমাণবিক সক্ষমতার ক্ষেত্রে দায়িত্বশীল অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।তবে পুতিন একই সঙ্গে বলেছেন, রাশিয়ার পারমাণবিক বাহিনীর উন্নয়ন একটি অগ্রাধিকার। এ মাসেই মস্কো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম নতুন দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।মস্কো আরও জানিয়েছে, মহড়ায় বেলারুশ প্রজাতন্ত্রের ভূখণ্ডে মোতায়েন করা পারমাণবিক অস্ত্রের যৌথ প্রশিক্ষণ ও ব্যবহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।রাশিয়া তার প্রতিবেশী মিত্র বেলারুশে, যা ন্যাটোর সীমান্তঘেঁষা, পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করে।ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সাম্প্রতিক দিনগুলোতে অভিযোগ করেন, মস্কো বেলারুশ থেকে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এর পর তিনি ইউক্রেনের উত্তর সীমান্তে সেনা জোরদারের নির্দেশ দিয়েছেন।পুতিনের দুদিনের চীন সফর শুরুর কয়েক ঘণ্টা আগে মস্কো এই মহড়ার ঘোষণা দেয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়