৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অবৈধ নির্মাণের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ

প্রতিদিনের ডেস্ক:
অবৈধ নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার (২০ মে) তার কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের দুটি বাড়ির নির্মাণ নকশা জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা পৌরসভা। পুরসভার ৪০১ ধারায় পাঠানো নোটিশে বলা হয়েছে, নির্মাণে নকশাবহির্ভূত অংশ রয়েছে। অতিরিক্ত নির্মাণের অনুমতি ছিল কি না, থাকলে কার অনুমতিতে হয়েছে এসব বিষয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে বেআইনি অংশ নিজ উদ্যোগে ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পৌরসভা নিজেই ভাঙার পদক্ষেপ নিতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।এছাড়া বাড়ির মালিক নিজে কেন অবৈধ অংশ অপসারণ করবেন না, সেটিও জানাতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং ভাঙার খরচও মালিকপক্ষকে বহন করতে হবে।তবে বেআইনি নির্মাণের অভিযোগে পাঠানো দুটি নোটিশের কোনোটিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পাঠানো হয়নি। একটি নোটিশ গেছে ১২১, কালীঘাট রোডের ঠিকানায়। সেখানে মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে। জানা গেছে, বাড়িটি অভিষেকের হার্ডওয়্যার কোম্পানির নামে রয়েছে।অন্য নোটিশটি পাঠানো হয়েছে ১৮৮এ, হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ বাড়িতে। এই বাড়িতেই পরিবারসহ বসবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়িটির মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে তার কোম্পানি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ এর নাম।এ বিষয়ে এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, এটি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।বর্তমানে কলকাতা পৌরসভার পরিচালন বোর্ডও তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে। মেয়র ফিরহাদ হাকিমকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। তা সত্ত্বেও অভিষেকের বাড়িতে নোটিশ জারি হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষকে তলব করেন তিনি।তবে ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিষয়টি তার জানা ছিল না। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে আমাকে কিছু জানানো হয়নি। বিল্ডিং বিভাগ কোন বেআইনি নির্মাণ ভাঙবে, সে সিদ্ধান্ত মেয়র নেন না। পুরসভার কমিশনার পদাধিকারবলে সেই সিদ্ধান্ত নিতে পারেন।অন্যদিকে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রশাসন। এর মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ জারির ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়