নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মজিদ মন্ডল ওরফে মান্দার (৮০) চৌগাছা উপজেলার সলুয়া বাজার এলাকার মৃত হোসেন মন্ডলের ছেলে। জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে চৌগাছা থানার ষোলআ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মে) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে তিনি মারা যান। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

