প্রতিদিনের ডেস্ক
২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে ফুটবল সমর্থকদের জন্য বিশেষ এক উপহার নিয়ে এসেছে মেক্সিকো। দেশটির ঐতিহ্যবাহী জালিস্কো স্টেডিয়ামের সামনে এবার স্থাপন করা হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের বিশাল এক ভাস্কর্য। ব্রাজিলের জার্সিতে তার অবিস্মরণীয় সাফল্য ও ফুটবলে অবদানের স্বীকৃতি হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) গুয়াদালাহারা শহরে অবস্থিত জালিস্কো স্টেডিয়ামের সামনে আনুষ্ঠানিকভাবে ভাস্কর্যটি উন্মোচন করা হয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে জালিস্কো স্টেডিয়ামের রয়েছে বিশেষ গুরুত্ব। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে। বিশেষ করে ১৯৭০ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে ব্রাজিল দল প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচ খেলেছিল এই ভেন্যুতেই। পরে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ফাইনালে ইতালিকে হারিয়ে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতে পেলের দল। জালিস্কো অঙ্গরাজ্যের গভর্নর পাবলো লেমুস বলেন, এমন একজন কিংবদন্তি ফুটবলারের স্মৃতিকে ধারণ করে রাখা জালিস্কোর মানুষ ও পর্যটকদের জন্য বড় এক সম্মানের বিষয়। পেলে যেমন গুয়াদালাহারাকে ভালোবাসতেন, তেমনি ১৯৭০ বিশ্বকাপে এখানকার দর্শকরাও ব্রাজিল দলকে হৃদয়ভরা সমর্থন দিয়েছিল। স্টেডিয়ামের বাইরে ‘প্লাজা ব্রাজিল’ নামের উন্মুক্ত প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ৩১ ফুট উচ্চতার এই ভাস্কর্য। কর্তৃপক্ষের আশা, বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামে আসা দর্শনার্থীদের জন্য এটি আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। যদিও ২০২৬ বিশ্বকাপে জালিস্কো স্টেডিয়ামে ব্রাজিলের কোনো ম্যাচ থাকছে না। তারপরও গুয়াদালাহারা ভেন্যুতে অনুষ্ঠিত হবে চারটি গ্রুপ পর্বের ম্যাচ। সেখানে দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র, মেক্সিকো-দক্ষিণ কোরিয়া, কলম্বিয়া-ডিআর কঙ্গো এবং উরুগুয়ে-স্পেন মুখোমুখি হবে।

