২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর ইনস্টিটিউটে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এ বইমেলা ও বই প্রদর্শনী। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি সানোয়ার আলম খান দুলুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ২০০ থেকে ২৫০টি বইয়ের প্রদর্শনী করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর এই যুগেও বই মানুষের চিন্তা, মূল্যবোধ ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করে। তিনি আরও বলেন, যশোরের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে সাহিত্য ও পাঠচর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন। মুক্তিযুদ্ধ, ইতিহাস ও মানবিক মূল্যবোধ সম্পর্কে জানতে বই পড়ার কোনো বিকল্প নেই। আয়োজকরা জানান, আগামী ২৩ মে বই প্রদর্শনী ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান এবং ২৪ মে বই পড়া প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়