৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শিক্ষায় বিনিয়োগই আগামীর উন্নত দেশ গড়ার ভিত্তি : প্রতিমন্ত্রী অমিত

নিজস্ব প্রতিবেদক
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষার অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যশোর জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল ৩টায় যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল)-এ আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশেক হাসান এবং সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন খান খোকন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে আজকের এই অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, এটি তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।” তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। শিক্ষা খাতে বিনিয়োগ মানেই দেশের ভবিষ্যতে বিনিয়োগ।” অনুষ্ঠানে অতিথিরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় বক্তারা বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়