২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

প্রতিদিনের ডেস্ক:
বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার তো আছেন। অনেক সময় স্মার্টফোনে বা স্মার্ট টিভিতে সিনেমা, ওয়েব সিরিজ বা লাইভ ক্রিকেট দেখার সময় হঠাৎ ভিডিও থেমে যাওয়া বা বারবার বাফারিং হওয়া খুবই বিরক্তিকর একটি সমস্যা। অনেকেই এমন পরিস্থিতিতে টিভিকে দায়ী করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার মূল কারণ থাকে ওয়াই-ফাই রাউটারের একটি গুরুত্বপূর্ণ সেটিংসে।মজার বিষয় হলো, একই ওয়াই-ফাই নেটওয়ার্কে মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট স্বাভাবিক গতিতে চললেও টিভিতে ভিডিও আটকে যেতে পারে। এর কারণ হলো রাউটার সব ডিভাইসকে সমানভাবে ব্যান্ডউইথ বিতরণ করে, ফলে বেশি ডাটা প্রয়োজন এমন ডিভাইস সবসময় পর্যাপ্ত ইন্টারনেট পায় না।
কিউওএস কী এবং কেন গুরুত্বপূর্ণ?
এই সমস্যার সমাধানে বেশিরভাগ আধুনিক রাউটারে কোয়ালিটি অব সার্ভিস বা কিউওএস নামে একটি ফিচার থাকে। অনেক ক্ষেত্রে এটি ডিফল্টভাবে বন্ধ অবস্থায় থাকে, ফলে ব্যবহারকারীরা এর সুবিধা নিতে পারেন না।কিউওএস মূলত রাউটারের ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে কাজ করে। এটি নির্ধারণ করে কোন ডিভাইস বা কোন ধরনের অনলাইন কার্যক্রম বেশি অগ্রাধিকার পাবে। ফলে গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোর জন্য প্রয়োজনীয় ইন্টারনেট গতি নিশ্চিত করা সম্ভব হয়।
কীভাবে কাজ করে এই ফিচার?
কিউওএস চালু থাকলে আপনি নির্দিষ্ট ডিভাইসকে ‘হাই প্রায়োরিটি’ হিসেবে নির্বাচন করতে পারবেন। উদাহরণস্বরূপ, স্মার্ট টিভি, গেমিং কনসোল বা স্ট্রিমিং ডিভাইসকে অগ্রাধিকার দিলে ভিডিও দেখা বা অনলাইন গেম খেলার সময় ইন্টারনেটের ঘাটতি কম হবে।এছাড়া অনেক রাউটার নির্দিষ্ট কাজের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়ার সুযোগ দেয়। যেমন ভিডিও স্ট্রিমিং, ভিডিও কল বা অনলাইন গেমিংয়ের মতো ব্যান্ডউইথ-নির্ভর কাজগুলিকে বেশি গুরুত্ব দেওয়া যায়।
কীভাবে চালু করবেন কিউওএস?এই ফিচার সক্রিয় করতে সাধারণত কয়েক মিনিটের বেশি সময় লাগে না।
১. প্রথমে ফোন বা কম্পিউটারের ব্রাউজারে রাউটারের আইপি অ্যাড্রেস লিখে লগইন করুন।
২. সেটিংস, অ্যাডভান্সড সেটিংস, ট্র্যাফিক ম্যানেজমেন্ট অথবা ব্যান্ডউইচ কন্ট্রোল মেনুতে প্রবেশ
করুন।
৩. সেখানে কিউওএস অপশন খুঁজে সেটি চালু করুন।
৪. এরপর ডিভাইস তালিকা থেকে আপনার স্মার্ট টিভি বা পছন্দের ডিভাইস নির্বাচন করে হাই প্রাওরিটি হিসেবে সেট করুন।
৫. পরিবর্তনগুলো সংরক্ষণ করে রাউটার রিস্টার্ট দিন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়