২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

রিট খারিজ, বিসিবির নির্বাচনে বাধা নেই

প্রতিদিনের ডেস্ক:
আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এই আদেশের ফলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলমান কার্যক্রম এবং ২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় কোনো আইনগত বাধা বা প্রতিবন্ধকতা থাকলো না।এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (৩ জুন) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী মাহিন এম রহমান। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম।জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও আইনজীবী মাহিন এম রহমান।আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর দুইদিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। রিটের ওপর গতকাল মঙ্গলবার (২ জুন) শুনানি শুরু হয়। এ সংক্রান্ত বিষয়ে আরও শুনানির জন্য ফের আজ বুধবার (৩ জুন) দিন ঠিক করেছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানি ও আদেশ দেওয়া হয়।
এর আগে গত ১৮ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে ছয়জন কাউন্সিলর রিট করেন। রিটের বিবাদীরা হলেন যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী, বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার প্রশাসক।রিটকারীরা হলেন বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও মো. রাকিবুল ইসলাম।এই রিটের সঙ্গে সোমবার (১ জুন) একটি সম্পূরক আবেদন করা হয়। আবেদনে ঘোষিত তফসিলের কার্যক্রম এবং আবেদনকারীদের নাম অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে।গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।গত ১৭ মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নেও দুজন পরিচালক হবেন। ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়