প্রতিদিনের ডেস্ক:
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন। কিন্তু উত্তেজনার মাঝে নতুন বিতর্ক জায়গা করে নিচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলো বজ্রঝড়ের কারণে ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকতে পারে। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি কঠোর নিরাপত্তা বিধি এই সংকটের কেন্দ্রে।
নিয়মটি সহজ কিন্তু কঠোর। স্টেডিয়াম থেকে আট মাইলের মধ্যে যেকোনো বজ্রপাত বা বৈদ্যুতিক কার্যকলাপ শনাক্ত হলে ম্যাচ তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে। এরপর শুরু হবে ৩০ মিনিটের বাধ্যতামূলক অপেক্ষার কাউন্টডাউন। কিন্তু সেই ৩০ মিনিটের মধ্যে আবার বজ্রপাত হলে টাইমার শূন্য থেকে শুরু হবে। অর্থাৎ, পরপর ঝড় হতে থাকলে খেলা অনির্দিষ্টকাল বন্ধ থাকতে পারে।
টাইমার রিসেট হলে অনির্দিষ্টকাল বন্ধ থাকতে পারে খেলা
যুক্তরাষ্ট্রের পূর্ব ও দক্ষিণাঞ্চলের শহরগুলো গ্রীষ্মকালে প্রচণ্ড বজ্রঝড়ের জন্য পরিচিত। বিশ্বকাপের বেশ কয়েকটি ভেন্যু এই এলাকায়। এরই মধ্যে দেশটিতে আগে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফুটবল ম্যাচে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, খেলোয়াড় ও দর্শকদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়েছে।
ফিফার হাতে নেই স্থানীয় নিয়ম বাতিলের ক্ষমতা
সবচেয়ে বড় জটিলতা হলো ফিফার কাছে এই স্থানীয় নিরাপত্তা নিয়ম বাতিল বা উপেক্ষা করার কোনো ক্ষমতা নেই। সম্প্রচারের সময়সূচি বা খেলার চাপ যতই থাকুক, নিয়ম মানতেই হবে। আরেকটি চিন্তার বিষয় হলো কতক্ষণ বন্ধ থাকলে ম্যাচ পুরোপুরি বাতিল করা হবে, সেটার কোনো নির্দিষ্ট নিয়ম ফিফার নেই। প্রতিটি পরিস্থিতি আলাদাভাবে বিবেচনা করা হবে। এই অনিশ্চয়তা দল, দর্শক ও সম্প্রচারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করছে।
ফিফার জবাব ও প্রস্তুতির বিস্তারিত
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আবহাওয়া ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করছেন এবং ১৬টি আয়োজক শহরের সঙ্গেও সমন্বয় করছেন। তীব্র আবহাওয়া পরিস্থিতিতে কর্মপরিকল্পনা নিয়ে ব্যাপক মহড়াও সম্পন্ন হয়েছে। সব ভেন্যুতে রিয়েল-টাইম আবহাওয়া পর্যবেক্ষণ ও তাপ পর্যবেক্ষণ ব্যবস্থা থাকবে।
সূত্র: দ্য অ্যাথলেটিক, ফিফা

